তালতলী বরগুনার তালতলী উপজেলার ২নং ছোটবগী ইউনিয়নে চাঁদাবাজি ও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে রিয়াজ শরীফ (৩৩) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার ‘পুরানো ইটের ভাটা’ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ আলম হাওলাদার (৪৫) বাদী হয়ে এই অভিযোগ উত্থাপন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিয়াজ শরীফ ও তার সহযোগীরা শাহ আলম হাওলাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত (গত ২০ এপ্রিল রোজ সোমবার আনুমানিক রাত ৮.৫০ মিনিটের সময় স্থানীয় পুরানো ইটের ভাটা এলাকায় শাহ আলমকে অটোগাড়ি থেকে ছিনিয়ে নিয়ে রিয়াজ শরীফের নেতৃত্বে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী শাহ আলম হাওলাদার বলেন, ”রিয়াজ শরীফ ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমাকে ডর-ভয় দেখিয়ে চাঁদা চেয়ে আসছিল। আমি তাদের অন্যায় আবদারে রাজি না হওয়ায় তারা আমার ওপর হামলা করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত রিয়াজ শরীফের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
