তালতলীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মানববন্ধন

বরগুনার তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চকিদার) আল আমিনের মাদক সেবন, বিক্রি এবং উসকানিমূলক আচরণের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

​আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ‘মরা নিদ্রা’ নামক স্থানে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয়রা অভিযোগ করেন যে, সরকারি দায়িত্বে থেকেও গ্রাম পুলিশ আল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। তার এই অনৈতিক কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

স্থানীয়রা আরও দাবি করেন, আল আমিন শুধু মাদক ব্যবসার সাথেই জড়িত নয়, সে বিভিন্ন সময়ে বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্ব ও জনাব তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তার এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণে অতিষ্ঠ হয়ে আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ।

​মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত গ্রাম পুলিশ আল আমিনের বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে স্লোগান দিয়ে বলেন আল আমিন চকিদারের বহিষ্কার চাই চাকরি থেকে অপসারণ চাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালমন্দ করার বিচার চাই।

​মানববন্ধন শেষে উপস্থিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে একটি সুষ্ঠু তদন্তের দাবি জানান।