তালতলীতে নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট

 

বরগুনার তালতলীতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পরিষদ মোড়ে এ চেকপোস্ট পরিচালনা হয়।

নৌবাহিনীর লেফটেন্যান্ট শেখ আব্দুল হাকিমের (পি নং-৩৫৩০) নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্য এবং তালতলী থানা পুলিশের ৩ সদস্য এ অভিযানে অংশ নেন।

অভিযানে মোটরসাইকেল, ইজিবাইক, মিনি ট্রাক, বাস ও সিএনজিসহ শতাধিক যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি চালানো হয়।

তল্লাশিকৃত যানবাহনের মধ্যে রয়েছে  মোটরসাইকেল ১২০টি, ইজিবাইক ২০টি, মিনি ট্রাক ২টি, বাস ১টি এবং সিএনজি ৫টি। এ সময় হেলমেটবিহীন এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ আব্দুল হাকিম বলেন, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।