বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় উত্তর ঝারখালি গ্রামে গুড নেইবারস বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়েছে। ‘গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (GGHSP)’ এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় শতাধিক পরিবারকে নিরাপদ পানির নিশ্চয়তা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের এমডি বার্টিন গমেজ। পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসহাক মাঝি। প্রধান অতিথি ছিলেন ইউএনও উম্মে সালমা। সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের এসই ডিপার্টমেন্ট প্রধান রেমন্ড কুইয়া ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাহিন।
বক্তারা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর থেকে উপকূলীয় এ অঞ্চলে পানির লবণাক্ততা বেড়ে যায়, যা মিঠা পানির উৎসকে ধ্বংস করে। ফলে স্থানীয়রা, বিশেষ করে নারী ও শিশুরা নিরাপদ পানির অভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই প্লান্ট প্রতিদিন গড়ে ২০,০০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের সক্ষমতা রাখে এবং ১২টি সেফ ওয়াটার পয়েন্ট থেকে পানি বিতরণ করা হচ্ছে। বন্যার সময় পানির পয়েন্টগুলো উঁচু স্থানে রাখা হয়েছে।
পানির মান নিশ্চিত করতে ল্যাব টেস্ট করা হয়েছে, যা রান্না ও পানির জন্য সম্পূর্ণ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। প্লান্টের রক্ষণাবেক্ষণে স্থানীয়দের অংশগ্রহণে গঠিত ‘সেফ ড্রিকিং ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি’ কাজ করছে। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পটি এসডিজি-৬ (নিরাপদ পানি ও স্যানিটেশন) অর্জনে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জনাব মারুফ হোসেন, সমাজকর্মী মো. আজিজুল হক শিকদার এবং উপকারভোগী প্রতিনিধি মোসা. মাহিনুর।
