মৃত্যুর আগেই বাবার কূলখানি! তালতলীতে সন্তানদের ব্যতিক্রমী আয়োজন

মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই বাবার কূলখানি আয়োজন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনার তালতলী উপজেলার নয়াভাইজোড়া গ্রামের আশ্রাফ আলী সর্দারের সন্তানরা।

জীবনের শেষপ্রান্তে এসে এমন সম্মান পেয়ে অভিভূত আশ্রাফ আলী। সন্তানদের এমন ব্যতিক্রমী ভালোবাসায় মুগ্ধ পুরো গ্রামবাসীও।

জানা গেছে, আশ্রাফ আলীর সৌদি প্রবাসী কন্যা তাজেনূর মানত করেছিলেন—তার গৃহপালিত গাই গরু যদি একের পর এক গাই গরু জন্ম দেয়, তবে পিতার জীবদ্দশাতেই কূলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করবেন। সেই মানত পূরণ হওয়ায় পরিবারের সব ভাইবোন মিলে আয়োজন করেন দোয়া মাহফিল ও এক বিশাল ভোজের। এতে দুই হাজারেরও বেশি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

এই দোয়া মাহফিলে উপস্থিত থেকে আশ্রাফ আলী নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, সন্তানদের এমন আয়োজন দেখে মনে হচ্ছে আমি আজই বোধহয় চলে যাবো, আল্লাহ যেন এমন ভালোবাসা সবাইকে দেন।

আয়োজনে অংশ নেওয়া অনেকেই বলেন, সাধারণত মৃত্যুর পরে কূলখানি হয়, কিন্তু জীবিত অবস্থায় এমন আয়োজন যে এতটা মানবিক ও হৃদয়ছোঁয়া হতে পারে, তা আগে ভাবিনি।

সন্তানদের মতে, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ শুধুই মৃত্যুর পর কেন? প্রিয়জন যখন বেঁচে থাকতে দেখুক।