তালতলীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

“দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে বরগুনার তালতলীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

তালতলী উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, শ্রমিক দল ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই দিবস উপলক্ষে র‍্যালি শেষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মে দিবস উদযাপন কমিটির সভাপতি মোঃ হানিফ ফকির। প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান,তালতলীর সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান।

বক্তারা বলেন, “শ্রমিকদের অধিকার ও মর্যাদা শুধু তাদের জীবনের অংশ নয়, এটি দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। শ্রমিকরা তাদের খেটেখাওয়ার মাধ্যমে দেশের অগ্রগতিতে অবদান রাখলেও তাদের ন্যায্য মূল্যায়ন আজও হয়নি।” তারা আরও বলেন, “শ্রমিক-মালিক ঐক্য ও ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

আলোচনা শেষে শ্রমিক নেতা সগির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন তালতলী শাখার সভাপতি মাওলানা আফজাল হোসেন।