তালতলীতে জমির সীমানা বিরোধে যুবককে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শান্ত নামের এক ব্যক্তিকে মারধর করে তার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ছোটভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শান্তর শ্বশুরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে জালাল আকনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই জালাল আকনের ছেলে নাসির আকনের লোকজন শান্ত’র ওপরে হামলা চালায়। এসময় শান্তুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে তালতলী হাসপাতালে পাঠায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগী শান্তর স্ত্রী আঃ কাদেরের মেয়ে হনুফা বলেন,আমার বাবা বোবা সে কথা বলতে পারেনা বাবার সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ ছিলো চাচাদের সাথে। সেই বিরোধের জেরে আমার স্বামীকে নাসির, হোসেন ও তার সহযোগিরা মারধর করে হাত-পা ভেঙে দেয়। আমাকেও মারধর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মামুন বলেন,আমরা ঘটনাস্থল থেকে শান্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনাস্থল থেকে একটি জিআই পাইপ উদ্ধার করা হয়েছিল, পরে মারধরকারী নাসির সেটি নিয়ে যায়।

আরেক সাক্ষী বসির উদ্দিন বলেন,মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নাসিরসহ বেশ কয়েকজন শান্তকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমাদের উপস্থিতি হলে তারা পালিয়ে যায়। পরে আমরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

অভিযুক্ত পক্ষের নাসিরের বোন বলেন,আমাদের ওপরে হামলা করতে এলে আমরা মারধর করি। আমাদের বাড়িতে এসে তারা হামলার চেষ্টা করলে আমরা প্রথমে মারধর করি। পরেরবার তাদের ওখানে গিয়েও মারধর করে আসছি। ওই শান্তর যন্ত্রণায় আমার মা বাড়িতে থাকতে পারে না অশালীন গালিগালাজ করেন।

এ ঘটনায় তালতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন,এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।