পবিত্র রমজান মাসে ইফতার ভাগাভাগিকে কেন্দ্র করে বরগুনার তালতলীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত মাসুম বিল্লাহর দুটি দাঁত ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার ০২ নং ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের ‘আফাজ উদ্দিন আহম্মেদ জামে মসজিদে’ ইফতার বিতরণের সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।
সংঘর্ষে গুরুতর আহত হন গাবতলী গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তালতলী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, সংঘর্ষের সময় মাসুম বিল্লাহর দুটি দাঁত ভেঙে গেছে এবং শরীরে গুরুতর জখম রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশের বক্তব্য, এ বিষয়ে ঐ মসজিদের ইমাম সাহেব বলেন এটা একটা ন্যাককর জনক ঘটনা আমাদের মুসলিম জাতি এরকম কাজ কোন দিন আশা করিনি আমার প্রত্যাশা এরকম কাজ আর কোন দিন যেন না হয়। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মসজিদের ভেতরে ইফতার নিয়ে এমন অপ্রীতিকর ঘটনায় স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্য বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সজাগ রয়েছে।
