তালতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ক্ষতি ২০ লাখ টাকা

বরগুনার তালতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্বান্ত হয়েছে। উপজেলার ছোটভাইজোড়া গ্রামে রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শাহজাহান মিয়া জানান, ঘটনার সময় তার স্ত্রী পাশের বাড়িতে কুরআন শরীফ পড়তে গিয়েছিলেন। ঘরে কেউ না থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তালতলী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ঘরের সব আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুরুজ্জামান বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে। তিনি আরও বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।