তালতলীতে নৌবাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলী উপজেলার লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন– বরগুনা জেলার লতাকাটা গ্রামের আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০),  এবং একই এলাকার বারেক এর পুত্র  মো. রাজিব।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তালতলী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

পরে আটককৃতদের তালতলী নৌবাহিনী ডিটাচমেন্টে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।