তালতলীতে নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক আস্তানা থেকে ২ জন আটক

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার


বরগুনার তালতলী উপজেলায় চিহ্নিত একটি মাদক আস্তানায় অভিযান চালিয়ে দুইজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনীর তালতলী কন্টিনজেন্ট।

আজ মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তালতলী থানা সংলগ্ন মেইন রোডের পাশে মিরাজ জোমাদ্দারের পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন (অস্ত্র ও গোলাবারুদসহ) বিএন পিকআপ (নম্বর-১৩-১৩৬) যোগে টহল চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে রেইড প্রদান করে।

অভিযানকালে মোঃ ইসহাক আকন সবুজ (৪০) ও মোঃ আবুল কালাম আজাদ (৩৯) নামের দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, দেশীয় অস্ত্র এবং আটককৃতদের দেহ তল্লাশি করে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিসহ এলাকার আরও অজ্ঞাতনামা মাদকসেবী ও কারবারিরা দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তালতলী জনাব সেবক মন্ডলের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃত প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উদ্ধারকৃত আলামত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত ব্যক্তিদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:

১। মোঃ ইসহাক আকন সবুজ (৪০), পিতা- মোঃ শাহালী আকন, গ্রাম- পশ্চিম ঝাড়াখালী, ডাকঘর- বেহালা, থানা- তালতলী, জেলা- বরগুনা।
২। মোঃ আবুল কালাম (৩৯), পিতা- জালাল উদ্দীন, গ্রাম- মালীপাড়া, ডাকঘর ও থানা- তালতলী, জেলা- বরগুনা।