তালতলীতে বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন, জনমনে স্বস্তি ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মাঝে আতঙ্ক

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার

আসন্নত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন করতে তালতলী উপজেলায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিদিনই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাধারণ জনগণ বলেন , দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। নৌবাহিনীর এই জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চেকপোস্ট ও নিয়মিত টহলের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে তালতলী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।