তালতলীতে হাতুড়ি ডাক্তারের চিকিৎসায়, ৪ বছরের শিশুর মৃত্যু

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার

বরগুনার তালতলীতে ফার্মেসির মারাত্মক অবহেলায় প্রাণ হারিয়েছে মাত্র চার বছরের একটি শিশু। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক সরবরাহের অভিযোগ উঠেছে স্থানীয় এক কথিত ‘ডাক্তার’-এর বিরুদ্ধে।

নিহত রেজাউল ইসলাম (৪) তালতলী উপজেলার হরিনখোলা এলাকার দিনমজুর আজিজ মিয়ার একমাত্র পুত্র। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল রেজাউল। প্রথমে স্থানীয়ভাবে ‘নাপা’ খাওয়ানো হলেও জ্বর না কমায় তাকে নেয়া হয় এলাকার কথিত ‘রহিম ডাক্তার’-এর কাছে। কোন রকম রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওই ফার্মেসি ব্যবসায়ী শিশুটিকে সরবরাহ করেন Denvar (Cefixime 100mg/5mL Oral Suspension) নামক একটি অ্যান্টিবায়োটিক।

শিশুটি ওষুধ খাওয়ার পরদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রেজাউলের মৃত্যু হয়। পরিবারের দাবি—এটি চিকিৎসার নামে অবহেলা ও অজ্ঞতার মর্মান্তিক পরিণতি।

Denvar ওষুধটি শিশুদের জন্য ব্যবহৃত একটি অনুমোদিত অ্যান্টিবায়োটিক হলেও, এটি ব্যবহারের জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন ও শিশুর ওজন ও সংক্রমণের ধরন অনুযায়ী নির্ধারিত মাত্রা অত্যাবশ্যক। এটি না মেনে সরাসরি ওষুধ প্রয়োগ করা আইনত অপরাধ এবং চরম স্বাস্থ্যঝুঁকির কারণ।

এ বিষয়ে অভিযুক্ত ‘রহিম ডাক্তার’-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, শিশুদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই ওষুধ সরবরাহ করা যায় না। এটি আইনবিরোধী কাজ। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি এবং ঊর্ধ্বতন স্বাস্থ্য প্রশাসনকে জানানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন,শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।