বরগুনার তালতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ‘ইসলামিয়া হসপিটাল আ্যন্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এই দণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাফিয়া সুলতানা-র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।
অভিযান চলাকালীন প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তালতলী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন তালতলী থানার একদল চৌকস পুলিশ সদস্য।
জনস্বার্থ সংশ্লিষ্ট এই অভিযানে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন:
জলিল আহমেদ: উপজেলা প্রতিনিধি, এশিয়ান টিভি। আকন মুহাম্মদ রাসেল: উপজেলা প্রতিনিধি, ভোরের আলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, জনস্বার্থ রক্ষায় এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা ভেজাল সামগ্রী বরদাশত করা হবে না।
